৩৯ বেসামরিক আফগান হত্যার প্রমাণ মিলেছে

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১১:০৩ পিএম

আফগানিস্তানে ৩৯ বেসামরিক নাগরিককে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনী হত্যা করেছে বলে বিশ্বাসযোগ্য প্রমাণ মিলেছে। দীর্ঘ চার বছরের তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী (এডিএফ)। আফগান যুদ্ধের সময় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিবিসি বলছে, এডিএফের প্রতিবেদেন আফগানিস্তানে ৩৯ জন নিরপরাধ মানুষকে হত্যার জন্য ওই বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে দায়ী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাহিনীর বর্তমান ও সাবেক ১৯ সদস্যের বিরুদ্ধে এসব হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে নিরস্ত্র বন্দি, কৃষক বা বেসামরিক নাগরিকদের হত্যা করেছিল বলে তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে।

এই তদন্তের নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল পল ব্রেরেটন। ওই তদন্ত কমিটি ৪০০ জনের বেশি প্রত্যক্ষদর্শীর কাছ থেকে সাক্ষাৎকার গ্রহণ করেছে।

অস্ট্রেলিয়ার এডিএফের প্রধান জেনারেল অ্যাঙ্গাস ক্যাম্পবেল এই ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বলেছেন ভুলবশত, না জেনে বা বিভ্রান্তি থেকে এসব মানুষকে হত্যা করা হয়নি।

গুরুত্বপূর্ণ এই তদন্ত প্রতিবেদন সামনে আসার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ফোন করে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত