সোনারগাঁয়ে নামফলক ভাঙার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১১:৫৩ পিএম

নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নামফলক ভেঙে দেওয়ার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোনারগাঁ জি আর ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের সামনে এই কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত, পৌর আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলী, সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকার নির্দেশে গত মঙ্গলবার সোনারগাঁ  জি আর ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের গেটে স্থাপিত জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের উদ্বোধন করা নামফলক ভেঙে নিজে রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করেছেন।

এ ব্যাপারে জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, এসব ঘটনার সঙ্গে আমি জড়িত নই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত