৫৮ লাখ টাকার নকল ব্যান্ড রোল উদ্ধার: ভিন্ন জগতের মালিকের ছেলে গ্রেপ্তার

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০৮:২১ পিএম

রংপুর মহানগরীর সিওবাজার এলাকায় বেসরকারি বিনোদন স্পট ভিন্ন জগৎ কর্তৃপক্ষের মালিকানাধীন ছাপাখানা এসকে প্রেস অ্যান্ড প্যাকেজিংয়ে নকল সরকারি ব্যান্ড রোল তৈরির সন্ধান পেয়েছে পুলিশ। সেখানে ছাপানো সোয়া ৫৮ লাখ টাকার নকল ব্যান্ড রোলও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার করা হয়েছে ভিন্নজগতের মালিক কামাল হোসেনের ছেলে তৌফিক হাসান তপুসহ তিনজনকে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মাহীগঞ্জ জোন) মো. আল ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানার নিউ সাহেবগঞ্জ মজুমদার রহমানের আলুর গোডাউনের সামনে ব্যাটারিচালিত অটোরিকশায় অভিযান চালিয়ে সোয়া ৫৮ লাখ টাকা মূল্যের বিড়িতে শুল্ক কর হিসেবে হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত নকল ব্যান্ড রোল উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, এসব ব্যান্ডরোলের গায়ে বিড়ি শুল্ক কর, জাতীয় রাজস্ব বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে। এ সময় অটোচালক আতিকুল ইসলাম আতিককে (৫২) গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ব্যান্ড রোল তৈরির ছাপাখানার সন্ধান পায় পুলিশ। পরে সিও বাজার এলাকায় অবস্থিতি এসকে প্রেস অ্যান্ড প্যাকেজিং নামের ওই ছাপাখানায় রাতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নকল ব্যান্ড রোল তৈরির প্লেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ছাপাখানার মালিক তৌফিক হাসান তপুকে (৪০)। তিনি রংপুর অঞ্চলের সর্ববৃহৎ বেসরকারি বিনোদন উদ্যান ভিন্ন জগতের মালিক এসএম কামালের ছেলে। পরে তাকে জিজ্ঞাসাবাদে মমিনুল ইসলাম নামের আরো একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বালুগড়া এলাকার নুরু মিয়ার ছেলে।

পুলিশ আরো জানায়, জিজ্ঞাসাবাদে তপু জানিয়েছেন তাদের মালিকানাধীন ছাপাখানা এসএস প্রেস অ্যান্ড প্যাকেজিংটি তারা হারাগাছের বালাটারি রামেগোবিন্দ এলাকার সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম রুবেলকে (৩০) ভাড়া দিয়েছেন।

এদিকে পুলিশের সূত্র জানিয়েছে, এস এস ছাপাখানাসহ নগরীর আরও বেশ কয়েকটি ছাপাখানায় দীর্ঘদিন ধরে বিড়ি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নকল ব্যান্ড রোল তৈরি করে সরকারকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। জড়িত সিন্ডিকেটকে গ্রেপ্তারে তারা অভিযান চালাচ্ছেন।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত