সাভারের অজ্ঞাত পরিবহনের চাপায় সোহেল রানা (৩৮) নামে মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে।
শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার সুগন্ধা হাউজিং সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। সোহেল ইউনিমেড ইউনিহেলথ নামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে সাভার থেকে মোটরসাইকেল যোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকার ইউনিমেট ওষুধ কোম্পানিতে যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরের আলমনগর এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক গোলাম মোস্তফা জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
