ইউএনওর ওপর হামলা: রবিউলকে আসামি করে অভিযোগপত্র

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১০:২৯ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলার ঘটনায় মো. রবিউল ইসলামকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার দিনাজপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম আবু জাফর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই অভিযোগপত্র জমা দেন। আসামি রবিউল ইউএনও কার্যালয়ের বরখাস্ত হওয়া চতুর্থ শ্রেণির কর্মচারী।

গত ২ সেপ্টেম্বর গভীর রাতে সরকারি ডাকবাংলোতে হামলার শিকার হন ঘোড়াঘাটের তৎকালীন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখ। এই ঘটনায় ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ ঘোড়াঘাট থানায় মামলা করেন।

ঘটনার আট দিন পর গোয়েন্দা পুলিশ রবিউলকে তার বাসা থেকে আটক করে। ২০ সেপ্টেম্বর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই ঘটনায় আটক অন্য চারজন জামিনে মুক্তি পেয়েছেন।

অভিযোগপত্র দাখিল করার পর মামলার তদন্ত কর্মকর্তা ইমাম আবু জাফর বলেন, ঘটনাস্থল ও রবিউলের বাড়ি থেকে উদ্ধার করা আলামত, ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ, ডিএনএ প্রতিবেদনসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করে ঘটনার সঙ্গে কেবল রবিউলের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এই ঘটনায় অন্য যাদের গ্রেপ্তার করা হয়েছে, ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত