কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপির দুপক্ষ একই স্থানে একই সময়ে কর্মসূচি দেওয়ায় উভয়পক্ষের অনুষ্ঠান পন্ড হয়ে গেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিরোধপূর্ণ দুপক্ষের অনুষ্ঠান বন্ধ করে দেয় পুলিশ। সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
জানা যায়, সম্প্রতি করিমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতারা ও বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছিল। এরমধ্যেই নবগঠিত আহ্বায়ক কমিটি গতকাল শনিবার ওই মাঠে অভিষেক ও সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করে। অন্যদিকে, পদবঞ্চিত নেতারা একই স্থানে একই সময়ে আয়োজন করে দলীয় শীর্ষ নেতাদের রোগমুক্তির জন্য আলোচনা ও দোয়ার মাহফিলের।
গত শুক্রবার রাত থেকেই মঞ্চ তৈরি নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরাজ করছিল টান টান উত্তেজনা। পরে গতকাল শনিবার দুপুরে দুপক্ষের নেতাকর্মীরা কর্মসূচি পালনের জন্য রওনা হয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মঞ্চ ভেঙে দুই গ্রুপের সব কার্যক্রম পন্ড করে দেয়।
গুজাদিয়া ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক মেজবা উদ্দিন নয়ন বলেন, আমরা আগে অনুষ্ঠানের আয়োজন করেছি। তারা আমাদের অনুষ্ঠান বানচাল করার জন্যই একই জায়গায় কর্মসূচি ডেকে প্রশাসন দিয়ে সব পন্ড করিয়েছে।
বর্তমান কমিটিতে পদবঞ্চিত উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে একটি বিতর্কিত কমিটি গঠন করায় আমরা প্রতিবাদ জানিয়ে আসছি।
করিমগঞ্জ থানার ওসি মুমিনুল হক বলেন, বিএনপির দুপক্ষ একই জায়গায় কর্মসূচি ডাকায় সংঘর্ষের আশঙ্কার অভিযোগ পেয়ে তা বন্ধ রাখা হয়েছে।
