উদ্যোক্তা শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১১:০৯ পিএম

বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে ক্রমেই সঙ্কুচিত হচ্ছে কর্মসংস্থান। অথচ এই সময়ে অর্থনীতির স্বার্থে কর্মসংস্থান ধরে রাখতে বেশি হারে উদ্যোক্তা তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের উদ্যোক্তা শিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে সরকারি-বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল শনিবার ‘করোনা পরিস্থিতিতে উদ্যোক্তা শিক্ষা এবং ব্যবসায় ইনকিউবেটর’ শীর্ষক এক অনলাইন সেমিনারে (ওয়েবিনার) তারা এসব কথা বলেন। এ সময় তারা বলেন, বিশ্বব্যাপী উদ্যোক্তা শিক্ষাব্যবস্থায় গুরুত্ব বাড়ছে। বাংলাদেশে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সমন্বিত ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা এখনো অপ্রতুল।

ঢাকা স্কুল অব ইকোনমিক্সের (ডিএসসিই) উদ্যোক্তা অর্থনীতি বিভাগ আয়োজিত ওই ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন ভারতের ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়। উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিএসসিইর উদ্যোক্তা অর্থনীতি বিভাগের শিক্ষক রেহানা পারভীন, সারা তাসনীম, এন্টারপ্রেনারিয়াল ইকোনমিস্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আমান উল্লাহ আমান প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কেএমআরআইপিএলের মানবসম্পদ বিভাগের প্রধান সুব্রত চৌধুরী।

এ সময় ড. মুহম্মদ মাহবুব আলী করোনা পরিস্থিতিতেও ডিএসসিইর উদ্যোক্তা শিক্ষায় নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে  ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত