রূপগঞ্জে একদিনে দুই খুনের ঘটনায় মামলা

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০২:২২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে একদিনে নারী ও ২৯ দিনের শিশু খুনের ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে।

রবিবার সকালে শিশুটির মা খাদিজা বেগম ও নারীর মেয়ে রুমানা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করেন।

স্থানীয় ও মামলা দুটির এজাহার থেকে জানা যায়, দেড় বছর আগে কামাল হোসেনের সঙ্গে খাদিজা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর খাদিজা বেগম অন্তঃসত্ত্বা হওয়ার পর কামাল হোসেনের ছেলে সন্তানের প্রত্যাশা ছিল।

কিন্তু মেয়ে সন্তান জন্মের পর থেকেই স্বামী কামাল হোসেন স্ত্রী খাদিজা বেগমকে জ্বালা যন্ত্রণা করতেন।

শনিবার ভোর ৬টার দিকে উপজেলার পাড়াগাঁও এলাকায় তাদের বাড়িতে শিশু মীম তার মায়ের কোলে উচ্চ শব্দে কান্না করলে রেগে গিয়ে বাবা কামাল হোসেন ২৯ দিনের শিশু মীমকে খাটে আছড়ে হত্যা করে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু মীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় শিশুটি মা খাদিজা বেগম বাদী হয়ে বাবা কামাল হোসেনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

অপরদিকে, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে মাদকের টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলে সাইফুল ইসলাম তার মা দেলোয়ারা বেগম (৫৫)কে শ্বাসরোধে ও মাথায় আঘাত করে হত্যা করে শৌচাগারের ভেতরে ফেলে রাখে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত দেলোয়ারা বেগমের মেয়ে রুমানা বেগম বাদী হয়ে সাইফুল ইসলামকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত ছেলে সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সাইফুল (৩২) শিংলাব এলাকার আব্দুর ছোবহানের ছেলে।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

শিশু মীম হত্যা মামলার আসামি কামাল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপরদিকে, দোলোয়ারা হত্যা মামলার আসামি সাইফুল ইসলামকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত