ত্রাণ ও ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে এ সাময়িক বরখাস্ত করেন। রবিবার দুপুরে চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়েছে।
ওই প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, চৌহালী উপজেলার ৩নং ঘোড়জান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী করোনাকালীন সংকট মোকাবিলায় বরাদ্দকৃত সরকারি চাল বিতরণ না করে নিজ দপ্তরে অবৈধ ভাবে মজুত করে রাখেন।
এছাড়া তিনি হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ত্রাণ ও ভিজিডির চাল বিতরণে অনিয়ম ও নিয়মবহির্ভূত ভাবে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে ভিজিডির চাল বিতরণ এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। ১৬ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখা থেকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।
এ বিষয়ে সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান রমজান আলী জানান, এ সংক্রান্ত কোন চিঠি এখনো হাতে পাইনি।
