সার কারখানার নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১১:৪১ পিএম

আমদানিনির্ভরতা কমাতে উত্তরবঙ্গে সার কারখানা নির্মাণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, অভ্যন্তরীণ উৎস থেকে সারের জোগান বাড়াতে নতুন কারখানা নির্মাণ হচ্ছে। কভিডকালে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সারসহ অন্যান্য কারখানা চালু থাকায় কৃষি উৎপাদনের ধারা অব্যাহত রয়েছে বলে তিনি মন্তব্য করেন। গতকাল বিসিআইসি আয়োজিত দুদিনব্যাপী ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন-২০২০-এর সমাপ্তি অধিবেশনে শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিশেষ অতিথি ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, করোনা মহামারীর মধ্যেও মানুষের জীবন-জীবিকার সুরক্ষার বিশাল দায়িত্ব শিল্প মন্ত্রণালয়ের ওপর বর্তায়। এ দায়িত্ববোধ থেকে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করে শিল্প মন্ত্রণালয় কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সচেষ্ট রয়েছে। সারের উৎপাদন যাতে কোনো অবস্থায় ব্যাহত না হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সার কারখানার উৎপাদনসংশ্লিষ্ট বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালকদের প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে কারখানাগুলোর উৎপাদনশীলতা বাড়াতে কারিগরি জনবলের প্রশিক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী নতুন জনবল নিয়োগ করা হবে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, যারা সার ও কীটনাশক মজুদ করে কৃত্রিম সংকটের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের দক্ষিণাঞ্চলে কোনো সার কারখানা না থাকায় তিনি সেখানে একটি সার কারখানা স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। দুদিনব্যাপী এ সম্মেলনে বিসিআইসির আওতাধীন কারখানাগুলোতে উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় সাশ্রয়, জনবলের দক্ষতা উন্নয়ন, বৈদেশিক প্রশিক্ষণ, কারখানার মালিকানাধীন ভূমি সংরক্ষণ ও নামজারি, ওভারটাইম ভাতা যৌক্তিকীকরণ, ব্যবস্থাপকদের আর্থিক, প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ গৃহীত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত