করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা ৪টার দিকে তিনি মারা যান। গত কয়েকদিন ধরেই তিনি মাথাব্যথায় ভুগছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাকে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ঐদিনই তার করোনা পজিটিভ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল ৪টার দিকে মুনসুর রহমানের মৃত্যু হয়।
মুনসুর রহমান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক। পবা উপজেলার নওহাটা পৌরসভার শ্রীপুর মহল্লার বাসিন্দা ছিলেন তিনি। তার বাবার নাম হামিদ সরকার। প্রায় দুই মাস আগে মুনসুর রহমানের ছোট ভাই আনিসুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
