রাজধানীতে পৃথক ঘটনায় বক্সিবাজার মোড় ও দোয়েল চত্ত্বর থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামছুর রহমান জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে বক্সিবাজার মোড়ের ফুটপাথ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে তার নাম বাবু বলে জানা গেছে। তিনি ওই এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে শাহবাগ থানার অপর উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে দোয়েল চত্ত্বরের পাশের ফুটপাথ থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি ওই এলাকায় ভবঘুরেভাবে ঘোরাফেরা করতেন বলে জানা গেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
