তিগ্রের বিরোধীদের আবির আলটিমেটাম

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১০:৪৭ পিএম

উত্তরাঞ্চলীয় তিগ্রে অঞ্চলের স্বাধীনতাকামীদের আত্মসমর্পণ করতে নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। তিন দিনের এই সময়সীমা শেষ হওয়ার পর তাদের নিয়ন্ত্রিত আঞ্চলিক রাজধানী মেকেল্লেতে সেনা অভিযান শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

গত রবিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় এই আলটিমেটাম দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে স্বাধীনতাকামী গোষ্ঠী তিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) কোনো প্রতিক্রিয়া দেয়নি বলে জানিয়েছে আলজাজিরা।

গত দুই সপ্তাহ ধরে ইথিওপিয়ার সরকারি বাহিনী ও স্বাধীনতাকামী তিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) মধ্যে লড়াই চলছে। ইতিমধ্যে এই লড়াইয়ে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া অঞ্চলটি থেকে পালিয়ে প্রতিবেশী দেশ সুদানে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। ওই অঞ্চলের এক সেনা ঘাঁটিতে হামলার জন্য প্রধানমন্ত্রী আবি আহমেদ টিপিএলএফ বাহিনীকে দায়ী করে তাদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দিলে এই লড়াই শুরু হয়।

গত শুক্রবার তিগ্রে অঞ্চলের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দুটি শহর আক্সাম ও আদুয়া দখলের দাবি করে ইথিওপিয়ার সরকারি বাহিনী। পরে অঞ্চলটির রাজধানী মেকেল্লে থেকে ১২০ কিলোমিটার উত্তরের শহর আদিগ্রাতও দখলে নেয় তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত