স্পুটনিকের টিকা ৯৫ শতাংশ কার্যকর, দাবি রাশিয়ার

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১১:০৭ পিএম

করোনার (কভিড-১৯) এর টিকা স্পুটনিক ভি ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে রাশিয়া। তৃতীয় পর্যায়ের ট্রায়াল থেকে পাওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে মঙ্গলবার এই কথা জানায় দেশটি।

স্পুটনিক ভি নিয়ে তৈরি টুইটার আ্যকাউন্টে একটি প্রেস রিলিজে জানানো হয়, প্রথম ডোজের ২৮ দিন, আর দ্বিতীয় ডোজের সাতদিন পর দেখা গেছে এই টিকা ৯৫ ভাগ কার্যকর।

প্রাথমিকভাবে, প্রথম ডোজের ৪২ দিন পর এবং দ্বিতীয় ডোজের ২১ দিন পর জানানো হয় এই টিকা ৯৫ ভাগ কার্যকর।

গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি আ্যন্ড মাইক্রোবায়োলজি আশা করছে, তৃতীয় পর্যায়ের পরীক্ষায় পাওয়া এসব তথ্য পর্যালোচনার পর, একটি আন্তর্জাতিক মেডিকেল জার্নালে তা প্রকাশ করা হবে।

বিশ্বের প্রায় সব দেশেই হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯)। জীবন বাঁচানোর পাশাপাশি অর্থনীতি সচল করতে তাই করোনার টিকা আনতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা।

অতীত অভিজ্ঞতায় দেখা যায়, কোন ভাইরাসের টিকা আসতে ১০-১৫ বছর বা তার বেশি লেগে যেত। কিন্তু করোনার বছর ঘোরার আগেই তৃতীয় দফার ট্রায়ালের একেবারে শেষ পর্যায়ে রয়েছে ১১টি টিকা। তিনটির ফলাফলও পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নথি অনুযায়ী, ক্লিনিক্যাল ট্রায়ালে শুরুর পর্যায়ে রয়েছে আরও ৩৭টি টিকা। ১৬৪টি রয়েছে তার আগের স্তরে।

সূত্র: সিএনএন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত