সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের তিনটি বাড়িতে গত সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ২ হাজার ৮৫ কেজি চাল জব্দ করা হয়েছে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউনিয়নের দুখিয়াবাড়ী ও সয়দাবাদ উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন।
মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে দুখিয়াবাড়ী গ্রামের রমজান আলী ভাষার বাড়ি থেকে ২৬ বস্তায় মোট ৭৮০ কেজি, একই গ্রামের আমজাদ হোসেনের বাড়ি থেকে ২০ বস্তায় ৬১৫ কেজি ও সয়দাবাদ উত্তরপাড়ার মানিক চন্দ্রের বাড়ি থেকে ২৩ বস্তায় ৬৯০ কেজিসহ মোট ৬৯ বস্তায় ২ হাজার ৮৫ কেজি চাল জব্দ করা হয়।
তিনি আরও জানান, এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির বলে নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম ও সয়দাবাদ ইউনিয়ন পরিষদের সদস্যরা। এ বিষয়ে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।
