অপরাধী যে দলের হোক বা যে কেউ হোন না কেন, অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১৬, ১১৭ এবং ১১৮তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
শেখ হাসিনা বলেন, ‘সমাজে যেসব উপসর্গ মাঝেমধ্যে দেখা দেয়, যেমন নারী নির্যাতন, ধর্ষণ, কিশোর গ্যাং সৃষ্টি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এসবের বিরুদ্ধেও আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারও মুখ চেয়ে নয়, যারাই অপরাধী, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন, এটাই আমার কথা।’
প্রশাসনের নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সেটাই আপনারা করবেন।’ তিনি বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো দেশটাকে উন্নত করার জন্য আমরা উপযুক্ত কর্মচারী গড়ে তুলতে চাই, মানুষ যেন ন্যায়বিচার পায়। প্রশাসনের সেবা পায়। নিজেদের ভাগ্য নিজেরা গড়ার সুযোগ পায়।’
প্রধানমন্ত্রী এ সময় ১৯৭৫ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি কর্মচারীদের উদ্দেশে দেওয়া ভাষণের উদ্ধৃতি দেন। জাতির পিতা বলেছিলেন, ‘আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় এ গরিব কৃষক। আপনার মাইনে দেয় ওই গরিব শ্রমিক। আপনার সংসার চলে ওই টাকায়। আমি গাড়ি চড়ি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলুন, ইজ্জত করে কথা বলুন। ওরাই মালিক।’
সরকারপ্রধান বলেন, ‘প্রত্যেকেরই অবদান রয়েছে এ সমাজের প্রতি। প্রত্যেকের অবদান রয়েছে দেশের প্রতি। সে কথাটা মনে রাখতে হবে। তাছাড়া কর্মক্ষেত্রে সবাই যেন ন্যায়বিচার পায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কারণ আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা।’
প্রধানমন্ত্রী সনদপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা এ করোনাকালীন অবস্থার মধ্যেও প্রশিক্ষণ নিয়েছেন এবং সাফল্য অর্জন করেছেন। কাজেই আপনাদের এ অর্জিত জ্ঞান আপনারা দেশের কাজে অবশ্যই লাগাবেন। কেননা দেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেটা মনে রাখতে হবে।’
করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণে সরকারের সব পর্যায়ে ইতিমধ্যে নির্দেশনা প্রদান করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ভ্যাকসিন সংগ্রহ, রাখা এবং এর প্রয়োগ করার পর কী কী করতে হবে এ ব্যাপারে সব ধরনের নির্দেশনা আমার দেওয়া আছে। সেটা মেনেই আমাদের এ অবস্থার উত্তোরণ ঘটাতে হবে।’
সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটি দেশকে উন্নয়নশীল করে গড়ে তুলতে যা যা করণীয় তার সবই আমরা করতে পেরেছি। এটা আমাদের ধরে রাখতে হবে।’ ‘লক্ষ্য স্থির না থাকলে কখনো কোনো জাতি উন্নতি করতে পারে না’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো জাতির উন্নয়নের জন্য একটা দিক-নির্দেশনার দরকার হয়, একটা দর্শন, একটা লক্ষ্য থাকতে হয়। সেজন্য তার সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে ১০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে এবং শতবর্ষ মেয়াদি ‘ডেল্টা পরিকল্পনা-২১০০’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।
শেখ হাসিনা বলেন, ‘আমি সরকারে আসার পর আশু করণীয় ঠিক করে তাৎক্ষণিকভাবে যেমন মানুষের সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছি, মধ্যমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি এবং সুদূরপ্রসারী পরিকল্পনাটাও করে দিয়ে গেলাম। যারা পরবর্তী সময়ে ক্ষমতায় আসবেন তারা যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।’
শেখ হাসিনা বলেন, ‘সেভাবেই নিজেদের প্রস্তুত করবেন। এ দেশের ভাগ্যহত গরিব, দুঃখী মানুষ, যাদের জন্য জাতির পিতা সারাজীবন উৎসর্গ করেছিলেন, তাদের কথা আপনাদের চিন্তা করতে হবে। দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনেই আপনাদের কাজ করতে হবে।’
তার সরকার দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করে অসাম্প্রদায়িক চেতনায় আধুনিক জ্ঞানসম্পন্ন প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যাতে সারাবিশ্বে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলতে পারে। মানুষ যেন নিরাপদে থাকতে পারে এবং উন্নত জীবন পেতে পারে।’
প্রধানমন্ত্রী বলেন, এজন্য সারা দেশে সরকার তথ্যপ্রযুক্তির নেটওয়ার্ক যেমন গড়ে তুলেছে তেমনি রাস্তাঘাট, পুল, ব্রিজ নির্মাণ করে সড়ক পথসহ জলপথ, রেলপথ এবং আকাশপথের উন্নতি সাধন করে সমগ্র দেশব্যাপী যোগাযোগের নেটওয়ার্কও গড়ে তুলেছে।
জাতির পিতার বক্তব্য ‘ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না,’ উদ্ধৃত করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমরা চেষ্টা করেছি কারও কাছে হাত পেতে নয়, নিজেরা যেন চলতে পারি। এমনকি এ করোনার মধ্যে খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি জনগণের খাদ্য পুষ্টির চাহিদা পূরণেও আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ শেখ হাসিনা বলেন, ‘জমি সীমিত হলেও গবেষণার মাধ্যমে উৎপাদন বাড়িয়ে আজকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি। যেটা আমাদের অব্যাহত রাখতে হবে।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপত্বি করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন স্বাগত বক্তৃতা করেন। একাডেমির রেক্টর বদরুন নেছা কোর্সের ফলাফল প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।
