ঝালকাঠিতে রাজাপুর উপজেলা সদরের আদর্শপাড়া এলাকা থেকে আজিজুল হক মাসুদ (৩৮) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে হাজী মঞ্জিলের প্রবেশ পথে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে তার বাবার নাম আবুল কালাম আদাজ। ঠিকানা ঢাকার এলিফ্যান্ট রোড লেখা থাকলেও জন্মস্থান কুমিল্লা জানিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানায়, সকাল সোয়া আটটার দিকে হাজী মঞ্জিলের নিচে অপরিচিত একজনের রক্তাক্ত লাশ ভবনের সামনের রাস্তায় পড়ে ছিল।
লোকটিকে চার তলার ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ মৃতের পকেট থেকে ঈগল পরিবহনের একটি টিকিট, জাতীয় পরিচয়পত্র ও ফরএভার কোম্পানির একটি আইডি কার্ড উদ্ধার করেছে।
এছাড়াও গতকাল ঢাকার শ্যামলী কাউন্টার থেকে রাত নয়টার ঈগল পরিবহনে করে সকালে রাজাপুরে এসেছে বলে প্রমাণ পেয়েছে পুলিশ। পরে ভবনের চার তলার ছাদ থেকে এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে।
বাড়ির নিচতলার ভাড়াটিয়া সজল বলেন, সকাল সোয়া আটটার দিকে হঠাৎ করে চার তলা ছাদের উপর থেকে কিছু একটা পড়ার বিকট শব্দ শুনে বাড়ির কয়েকজন ভাড়াটিয়া বাইরে বের হই এবং ভবনের সামনে রাস্তার উপরে লোকটাকে পড়ে থাকতে দেখি।
এ সময় লোকটির মুখমণ্ডল থেকে রক্ত বের হচ্ছিল। লোকটি অপরিচিত। এলাকায় আজই তাঁকে প্রথম দেখেছি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, লোকটি চার তলার ছাদ থেকে নিচে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। তবে তিনি নিজে লাফ দিয়েছেন নাকি তাকে ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে, তা ছাড়া তিনি রাতের বাসে করে কেনই বা এখানে এসেছেন বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে।
