নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াহ বিভাগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বোমা তৈরির বিস্ফোরক, গুলি, ওয়ান শুটার গান, জিহাদি পুস্তক ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বগুড়ার পুলিশ সুপার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বগুড়া সদরের বাঘোপাড়া উত্তরপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার বি-পাড়া থানার সিদলাই উত্তরপড়া গ্রামের হাকিম সরকার ওরফে জজ মিয়ার ছেলে ইকবাল হোসেন সরকার (৪০) ও একই জেলার দেবিদ্বার থানার ভৈষরকুট গ্রামের শহিদুর রহমানের ছেলে জায়েদুর রহমান ওরফে আব্দুল্লাহ (৩৮)।
তারা দুজনেই জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াহ বিভাগের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই জঙ্গি সদস্য তাদের সংগঠনের দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফরের অংশ হিসেবে বগুড়ায় আসেন।
তারা রাত্রি যাপনের জন্য বাঘোপাড়া গেলে পুলিশ বিষয়টি জানতে পারে। এরপর গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে পৌঁছে মসজিদ ঘিরে ফেলে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছে থাকা ব্যাগ থেকে ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি, ৪৭৫ গ্রাম বোমা তৈরির বিস্ফোরক, ১টি চাপাতি, ২৫ টি জিহাদি বই এবং ৫০ টি লিফলেট উদ্ধার করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুজন ৫ বছর ধরে জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দাওয়াহ বিভাগের কার্যক্রম চালাচ্ছে বলে স্বীকার করেছেন। ইতিমধ্যে তারা দেশের ১৪টি জেলা সফর করেছেন। তারা সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করছিলেন।
গ্রেপ্তারকৃতদের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
