স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০২:১৪ এএম

নরসিংদীর রায়পুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৩৬ দিন পর গতকাল শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কালিপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল হক চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, ছয় মাস আগে দশম শ্রেণিপড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে শাকিলের পরিচয় হয়। তারপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ২২ অক্টোবর সন্ধ্যায় ওই তরুণীকে বিয়ের কথা বলে রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে ডেকে আনে শাকিল এবং কাজি ডেকে বিয়ের করার কথা বলে বসিয়ে রাখে। রাতে স্পিড ক্যানের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাইয়ে তরুণীকে ধর্ষণ করে শাকিল। পরে ভুক্তভোগী চিৎকার দিলে মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি ও একটি রুমে আটকে রাখা হয় তাকে। ঘটনা জানাজানি হলে শাকিল সেখান থেকে চলে যায়। পরে পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পরদিন রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শাকিলকে আসামি করে ভুক্তভোগী মামলা দায়ের করে।

রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির বলেন, শাকিল ভৈরবে মামলার বাদীর সঙ্গে আপস-মীমাংসার জন্য বৈঠক করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার কয়েক দিন পরই উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত