আইনজীবীর অভিযোগ

ম্যারাডোনার বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছায় দেরিতে

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০২:৫০ এএম

ম্যারাডোনার আইনজীবী ও এজেন্ট মাতিয়াস মোরলা অভিযোগ করেছেন, ম্যারাডোনার বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছাতে আধঘণ্টার বেশি সময় দেরি করেছিল। সময়মতো অ্যাম্বুলেন্স এলে হয়তো আজ বেঁচে থাকতেন তিনি। তদন্ত দাবি করেছেন মোরলা।

ম্যারাডোনার বাড়িতে অ্যাম্বুলেন্সের দেরিতে পৌঁছানোকে ‘অপরাধমূলক বোকামি’ বলছেন মোরলা। তিনি স্থানীয় প্রসিকিউটর অফিস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন দাবি করেছেন। টুইটে স্প্যানিশ ভাষায় মোরলা লেখেন, ‘সান ইসিদ্রোর প্রসিকিউটর অফিস থেকে পাওয়া তথ্যমতে, ম্যারাডোনার বাড়িতে অ্যাম্বুলেন্স যেতে আধঘণ্টারও বেশি সময় দেরি করেছে। এই বিষয়টি উপেক্ষা করা যাবে না এবং আমি এর তদন্ত দাবি করছি।’

মোরলা তার পোস্টের শুরুতে বলেন, ‘আজ গভীর বেদনা, দুঃখ এবং দুশ্চিন্তার দিন। আমি অনুভব করি যে আমার এক বন্ধুর প্রস্থান, যাকে আমি তার শেষ দিন পর্যন্ত আমার আনুগত্য এবং সঙ্গ দিয়ে সম্মান করেছি।’ শেষে মোরলা যোগ করেন, ‘আপনি শান্তিতে ঘুমান, ভাই।’ মোরলার অভিযোগ মৃত্যুর আগে ১২ ঘণ্টা কোনো রকম সেবা দেওয়া হয়নি তার বন্ধু ম্যারাডোনাকে। কিছুদিন আগে লা প্লাসা আইপেনসা ক্লিনিকে ছিলেন ম্যারাডোনা। সেখানে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়। ম্যারাডোনার মস্তিষ্কের বাঁ পাশে রক্ত জমাট বেঁধেছিল। ফলে ম্যারাডোনার পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব ছিল ওই ক্লিনিকের ওপর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত