চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আরও ৫০০ শয্যা বাড়ানো হবে : নওফেল

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০৯:৩৪ পিএম

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল কভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আরও ৫০০ শয্যার একটি ইউনিট স্থাপন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রবিবার দুপুরে নিজ সংসদীয় এলাকা আন্দরকিল্লার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২৫০ শয্যার কভিড আইসোলেশন ইউনিটের আধুনিকায়নের উদ্বোধন শেষে শিক্ষা উপমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।

উপমন্ত্রী বলেন, বেসরকারি চিকিৎসার ওপর একটি শহরের চিকিৎসা ব্যবস্থা নির্ভর করতে পারে না। এই উপলব্ধির ভিত্তিতেই মাননীয় প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে জেনারেল হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক স্থাপন, শয্যা বৃদ্ধি ও বিভিন্ন চিকিৎসা সুবিধার আধুনিকায়ন করেছেন। ইতিমধ্যে চিকিৎসকরা কভিড বিষয়ে তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করেছেন। এ ছাড়া যেসব বিষয়ে চিকিৎসা ব্যবস্থার কমতি আছে তা মন্ত্রণালয়ে আলোচনা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে দীর্ঘসূত্রতা আছে তা যাতে না থাকে। আমরা যারা রাজনৈতিক ভাবে ঢাকায় থাকি তারা যেন সেসব বিষয়ে দ্রুত দায়িত্ব নিয়ে সমাধান করি।

তিনি আরও বলেন, সরকারিভাবে চিকিৎসা সেবা বাড়াতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আরও ৫০০ শয্যার একটি ইউনিট স্থাপন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়। তাই বর্তমানে কভিড ডেডিকেটেড জেনারেল হাসপাতালে করোনা রোগীদের সেবা দিতে সক্ষমতা বৃদ্ধি করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় নগরীর বন্দর এলাকায় একটি হাসপাতাল করার পরিকল্পনা করছে এবং একটি শিশু হাসপাতালও হবে। সব মিলিয়ে চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় অন্য যেকোনো সময়ের তুলনায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব মাসুম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত