চট্টগ্রামের ফটিকছড়িতে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মারধরের অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী। স্থানীয় ধর্মপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ক্বাজী মাহমুদুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলেনে এ অভিযোগ করেন আজাদী বাজারের ব্যবসায়ী হানিফ কোম্পানি।
সোমবার দুপুর ১২টায় উপজেলার নাজিরহাটের একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'ধর্মপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্বাজী মাহমুদুল হক রবিবার সন্ধ্যায় আজাদী বাজারে আমাকে আমার দোকান থেকে বের করে এনে জনসম্মুখে চড়-থাপ্পড় ও মারধর করতে থাকেন। এতে আমি শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাতপ্রাপ্ত হই। পরে স্থানীয়রা আমাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়। এ ঘটনায় আমি ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছি। বিষয়টি ইতিমধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী অফিসারকে লিখিতভাবে অবহিত করেছি।
শরীরে আঘাতের কয়েকটি চিহ্ন দেখিয়ে তিনি বলেন, 'আমি একজন বয়স্ক মানুষ। একজন সাবেক চেয়ারম্যান অন্যায়ভাবে মানুষের সামনে আমাকে মারধর করতে পারেন না। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার চাই।'
ফটিকছড়ি থানার ওসি রবিুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক বলেন, তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আমরা সালিশের মাধ্যমে এর মীমাংসা করতে চেয়েছি। তবে রায় তার পক্ষে না যাওয়ায় হানিফ কোম্পানি আমার বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
