টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশার চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের বিয়ালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া আক্তার (১০) উপজেলার বিয়ালা গ্রামের সলিম ভূইয়ার মেয়ে।
বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, আজ দুপুর ১২টার দিকে উপজেলার বিয়ালা গ্রামের একটি মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী সুরাইয়া আক্তার ছুটি শেষে টাঙ্গাইল-বাসাইল সড়কের পাশ দিয়ে যাচ্ছিল।
এ সময় বাসাইল থেকে টাঙ্গাইলগামী সিএনজিচালিত একটি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অপর একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে সুরাইয়ার উপর গিয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় সুরাইয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার ৫ জন আহত হয়।
