সাভার সৈয়দপুর লোহাগড়ায় তিনজনকে হত্যা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১২:১৩ এএম

সাভারে তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে বড়ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছোট ভাই। নড়াইলের লোহাগড়ায় এক ট্রাকচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গছে। এছাড়া নরসিংদীর শিবপুরে কবিরাজের এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

সাভার : পুকুরের বেড়া দেওয়ার সময় দিনেদুপুরে এক দিনমজুর যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ জামসিং মহল্লায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহতের নাম মিলন (২১)। তিনি ওই মহল্লার ফজলুল হকের ছেলে। মিলন একটি স্কুলের শিক্ষার্থী হলেও বর্তমানে দিনমজুরের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাবা জানান, তার ছেলে একটি স্কুলের শিক্ষার্থী। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বিভিন্ন সময় বিভিন্ন কাজ করত। গত দুদিন ধরে বাড়ির পাশে মহির নামের এক ব্যক্তির মালিকানাধীন শুকিয়ে যাওয়া একটি পুকুরের চারপাশে বাঁশ দিয়ে বেড়া দেওয়ার কাজ করছিল। বুধবার বেলা ১১টার দিকে মিলন হাতে দা নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। সেখানে তার সঙ্গে জমির মালিক মহিরের ছেলে ইমনও বেড়া দিচ্ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর ইমনকে (১৮) সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন অনেকেই।

নীলফামারী : সৈয়দপুরে মাদকাসক্ত বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খন্দকার ইমরান হোসেন আসিফের (২৭) মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে সৈয়দপুর পৌরশহেরর বাঁশবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আসিফ ওই মহল্লার খন্দকার এসএম আরিফ হোসেন মানিকের ছেলে। তিনি ঢাকায় একটি ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এদিকে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার পর থেকে পলাতক বড় ভাই খন্দকার জাকির হোসের আবির (৩২)।

নড়াইল : লোহাগড়ায় সুদের টাকার জন্য বিল্লাল বিশ্বাস (৬১) নামে একজন ট্রাকচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার দীঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল ওই ইউনিয়নের দীঘলিয়া উত্তরপাড়ার মৃত ইশারত বিশ্বাসের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

নিহতের ছেলে সোহাগ বিশ্বাসের অভিযোগ, সুদের টাকা আদায় করতে তার বাবাকে বাবু খাঁর বাড়িতে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নরসিংদী : শিবপুরে সিদ্দিক ভূঁইয়া (৫৫) নামে এক গ্রাম্য কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়নের ঘাসিরদিয়ার মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী নির্জন স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির (৪৩) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টায় মৌচাক এলাকায় মহাসড়কের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত