জয়পুরহাটে হত্যাসহ দশ মামলার আসামি কথিত কাদামাটি চরমপন্থী দলের সদস্য সেবা কুমার দাস (৩৪) ও তার সহযোগী রাব্বী হাসান ওরফে অভিকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার সকালে শহরের স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেবা কুমার দাস শহরের সাহেবপাড়া এলাকার স্বপন কুমার দাসের ছেলে এবং
রাব্বী হাসান শহরের বুলুপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তাদের কাছ থেকে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি ও ৩ বোতল ফেনসিডিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সন্ত্রাসী পেশা ছাড়ি, আলোকিত জীবন গড়ি’- এ প্রত্যয়
নিয়ে পাবনায় ১৪ জেলার ৫৯৫ চরমপন্থী আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে জয়পুরহাটের ৮৩ জন।
আটক সেবা কুমার দাস জয়পুরহাটের চরমপন্থী #৩৯;কাদামাটি#৩৯; সংগঠনের সদস্য।
গত ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আত্মসমর্পণকারীদের মধ্যে জয়পুরহাটের ‘কাদামাটি’ সংগঠনের সদস্য হিসেবে সেবা কুমার দাসও আত্মসমর্পণ করেছিলেন এবং তাদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা করা হয়েছিল।
আত্মসমপর্ণের পর এলাকায় এসে সেবা কুমার দাস আরও বেশি বেপরোয়া হয়ে অপরাধ কর্মকাণ্ড করতে থাকে।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক এএসপি এম এম মোহাইমেনুর রশিদ জানান,
দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গ্রুপ ‘কাদামাটি’ এর সক্রিয় সদস্য হিসেবে অস্ত্রসহ
বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপসহ অপহরণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও অন্যান্য চাঞ্চল্যকর
অপরাধমূলক কার্যক্রম করে আসছিল সেবা কুমার।
এসব অপরাধমূলক কার্যক্রম করায় শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় অস্ত্র এবং মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সেবা কুমার দাসের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি, মাদক ও বালুমহল দখলসহ প্রায় দশটি মামলা রয়েছে।
