বরিশালে ৩ দিন ধরে করোনা পরীক্ষা বন্ধ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০৩:৪২ পিএম

বরিশালে গত তিন দিন ধরে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর মেশিন নষ্ট থাকায় করোনা নমুনা পরীক্ষায় সমস্যা সৃষ্টি হয়েছে।

তবে করোনা নমুনা সংগ্রহ করে ঢাকা ও ভোলার পিসিআর ল্যাবে পাঠিয়ে পরীক্ষা চালু রাখা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষের।

গত বৃহস্পতিবার পিসিআর মেশিনে সমস্যা দেখা দিলে নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যায়। মেশিনটি চালু হতে আগামী ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের প্রধান ও ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আকবর হোসেন জানান, গত বৃহস্পতিবার পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষার পর মেশিনে ত্রুটি দেখা দেয়।

এরপর থেকে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গত শুক্রবার ঢাকা থেকে প্রকৌশলীরা বরিশালে এসে বিকল যন্ত্রপাতি মেরামতের জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

শনিবার সকালে মেশিনটি ঢাকায় পাঠানো হয়েছে। মেশিনটি মেরামতে আগামী ৭ থেকে ১০দিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা তাকে জানিয়েছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ থাকলেও নমুনা সংগ্রহ চালু আছে। বরিশাল থেকে নমুনা সংগ্রহ করে কিছু নমুনা ঢাকায় এবং কিছু নমুনা ভোলার পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে। শনিবারও ১১২টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজে চলতি বছরের ৯ এপ্রিল থেকে পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

এ পর্যন্ত ৪৬ হাজারের উপর নমুনা পরীক্ষা হয় এই ল্যাবে। বরিশাল বিভাগে বরিশাল মেডিকেল কলেজ ছাড়া ভোলা জেলায় একটি পিসিআর ল্যাব রয়েছে।

শনিবার থেকে পটুয়াখালী মেডিকেল কলেজে এন্টিজেন পরীক্ষা শুরু হওয়ার কথা।

বরিশাল জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৭১জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার জন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৭৭ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত