নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন বলে জানা গেছে। গত শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
গতকাল শনিবার দুপুরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মাঝিপাড়া থেকে লাশ উদ্ধার এবং বিকেলে একই এলাকা থেকে স্ত্রী ও তার আগের পক্ষের মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ শরীফ হোসেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ফরিদ হোসেনের ছেলে।
নিহতের চাচাতো ভাই আরিফ হোসেন জানান, চলতি বছরের জানুয়ারি মাসে চনপাড়া পুনবৃাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ফরিদ হোসেনের ছেলে মোহাম্মদ শরীফ হোসেনের সঙ্গে পাশের চনপাড়া মাঝিপাড়া এলাকার সুফি বেগমের বিয়ে হয়। বিয়ের পর মোহাম্মদ শরীফ তার স্ত্রীর অসামাজিক কার্যকলাপের ব্যাপারে জানতে পেরে স্ত্রীকে শাসানোয় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
আরিফ হোসেন তার চাচাতো বোন ফারজানার বরাত দিয়ে বলেন, শুক্রবার গভীর রাতে সুফি বেগম তাকে ফোন দিয়ে বলেন, ‘তোর ভাইকে মেরে ফেলেছি, এসে লাশ নিয়া যা।’
আরিফ হোসেন আরও বলেন, স্ত্রী সুফি বেগম, তার আগের সংসারের মেয়ে সোনিয়া বেগম, সোনিয়ার স্বামী হাসান মিয়া ও আরেক মেয়ে আঁখি বেগম এ হত্যাকা-ের সঙ্গে জড়িত।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, তদন্ত চলছে। এ ঘটনায় স্ত্রীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
