ভূমি উপ-সহকারী কর্মকর্তার মৃত্যু নিয়ে রহস্য

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১২:১৮ এএম

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা  সৈয়দ আতিকুর রহমানের (৪৫) ‘দুর্ঘটনায় নিহত’ হওয়াকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে নিহত হওয়ার কারণ জানার জন্য দাফন না করে লাশ ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

নিহত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকার সৈয়দ আবু সাহিদের ছেলে।

মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে গত রবিবার সকালে কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কের উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মনসন্তোষ এলাকায় রহস্যজনকভাবে নিহত হন সৈয়দ আতিকুর রহমান। তখন ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেলটি সৈয়দ আতিকুর রহমানের এই ধারণা থেকে তিনি অজ্ঞাত এক যানের চাপায় নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। পরে বিকালে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি  সৈয়দ আতিকুর রহমানের নয়। তিনি নিজের মোটরসাইকেল নিয়ে কিশোরগঞ্জ শহরের বাসা থেকে কর্মস্থল ইটনা উপজেলার বাদলায় যাচ্ছিলেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়, সৈয়দ আতিকুর রহমানের উদ্ধার হওয়া মোটরসাইকেলে দুর্ঘটনার কোনো আলামত নেই। সেটি অক্ষত ছিল। অন্যদিকে ঘটনার পর ঘটনাস্থলে পড়ে থাকা সৈয়দ আতিকুর রহমানের একটি রক্তাক্ত ছবি  ফেইসবুকে পাওয়া যায়। সেটিতে দেখা যায়, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত সৈয়দ আতিকুর রহমানের প্যান্টের বেল্ট নেই। সেটি তার নিথর দেহের কিছুটা দূরে পড়ে রয়েছে। পরিবার ও স্বজনরা সৈয়দ আতিকুর রহমানের ‘দুর্ঘটনায় নিহত’ হওয়ার বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন। করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ভিন্ন দাবি ওঠায় ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত