জয়পুরহাটে শত বছরের পরিত্যক্ত মসজিদ চালু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০৮:৫৫ এএম

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শত বছরের প্রাচীন পরিত্যক্ত একটি মসজিদ পুনরায় চালু করা হয়েছে। গত ১ ডিসেম্বর জোহর নামাজের আজান ও জামাতের মাধ্যমে নতুন যাত্রা শুরু হয় মসজিদটির।

এ সময় মসজিদে স্থানীয় মান্যবর ব্যক্তি, আলেম-উলামা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী জানান, উপজেলার পাঠানপাড়ায় অবস্থিত এ মসজিদটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তাদের ধারণা, প্রায় ৭০০ বছর আগে সুলতানি শাসনামলে মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদের সামনে পাকা ঘাট বাঁধানো প্রাচীন পুকুরও রয়েছে, যা দেখে ধারণা হয় প্রাচীনকালে এখানে হয়তো কোনো সমৃদ্ধ নগর ছিল।

‘পাঠানপাড়া মসজিদ’ হিসেবে পরিচিত মসজিদটি পুনরায় চালু করার মূল উদ্যোক্তা স্থানীয় আলেম ড. একলিমুর রেজা। মসজিদ ও আশপাশের জমির মালিকানা তার বাবা ও চাচার মালিকানাধীন। ভারতের প্রখ্যাত দাঈ আলেম মাওলানা কালিম সিদ্দিকীর অনুপ্রেরণা ও নির্দেশনায় তিনি এই মসজিদ চালুর উদ্যোগ নেন।

মসজিদের সঙ্গে একটি মাদ্রাসারও উদ্বোধন করা হয়েছে। ড. একলিমুর রেজা জানান, তারা সেখানে ইসলামিক কমপ্লেক্স করতে চান। যেখানে মসজিদ, মাদ্রাসা, গণপাঠাগারসহ একাধিক সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত