পুশকার্ট পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে আহমাদ মোস্তফা কামালের গল্প। দ্য অফিং ম্যাগাজিনের ফেইসবুক পোস্ট শেয়ার করে মঙ্গলবার খবরটি জানান এ লেখক।
আহমাদ মোস্তফা কামালের ‘দ্য স্টোরি অব হিলশা ফিশ, জ্যাকফ্রুট, অর পারহ্যাপস, লাইফ’ শিরোনামের গল্প পুশকার্ট মনোনয়ন পেয়েছে। আর গল্পটি ইংরেজিতে অনুবাদ করেছেন শবনম নাদিয়া। চলতি বছর গল্পটি প্রকাশ করে অফিং।
এর আগে মশিউল আলমের গল্প সংকলন ‘দ্য মিট মার্কেট অ্যান্ড আদার স্টোরিজ’ নামে ইংরেজিতে অনুবাদের জন্য পেন আমেরিকার অনুদান পান শবনম নাদিয়া। একই লেখকের ‘দুধ’ গল্পটি ‘মিল্ক’ নামে অনুবাদ করেন তিনি। যা শ্রীলঙ্কা থেকে প্রকাশিত ওয়েব ম্যাগাজিন ‘হিমাল’ আয়োজিত ‘ছোটগল্প প্রতিযোগিতা ২০১৯’-এ বিজয়ী হয়।
পুশকার্ট পুরস্কার দিয়ে থাকে পুশকার্ট প্রেস। যা মূলত আমেরিকান ম্যাগাজিন ও ছোট প্রেসগুলো থেকে প্রকাশিত সেরা সাহিত্যকে পুরস্কৃত করে থাকে। মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় মোট ছয়টি লেখা স্থান পেয়েছে।
আহমাদ মোস্তফা কামালের লেখালেখির শুরু ১৯৯০ দশকের শুরুতে। প্রথম গল্পগ্রন্থ ‘দ্বিতীয় মানুষ’ প্রকাশিত হয় ১৯৯৮ সালে। এরপর আরও ১১টি গল্পগ্রন্থ, আটটি উপন্যাস, একটি নভলেট, চারটি প্রবন্ধগ্রন্থ, দুটি মুক্তগদ্যের সংকলন, একটি ভ্রমণগদ্য এবং একটি বিজ্ঞান-প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। সম্পাদনা করেছেন ১১টি বই।
উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে দ্বিতীয় মানুষ, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না বলে, অশ্রু ও রক্তপাতের গল্প, কোথাও এখনো মায়া রহিয়া গেল, আগন্তুক, অন্ধ জাদুকর, অন্য কোথাও অন্য কোনোখানে, সবচেয়ে করুণ সুন্দর, সংশয়ীদের ঈশ্বর, শিল্পের শক্তি শিল্পীর দায়, বাংলা গল্পের উত্তরাধিকার প্রভৃতি।
পেশায় শিক্ষক আহমাদ মোস্তফা কামাল প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার, কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কার এবং সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার লাভ করেছেন।
