যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনের মধ্যে অন্তত ১০ কোটি নাগরিককে কভিড-১৯ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছেন।
তার দায়িত্ব গ্রহণের পর প্রথম কয়েক মাসেই করোনাভাইরাস প্রাদুর্ভাবের সমাপ্তি ঘটবে না বলে মন্তব্য করেছেন তিনি। কিন্তু ওই সময়ের মধ্যেই কভিড-১৯ এর গতিমুখ বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে নিজের টিকা বিতরণ কৌশল সম্পর্কে এই ডেমোক্র্যাট নেতা বেশি কিছু জানাননি বলে জানায় বিবিসি।
২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্বভার নেওয়ার পর যারা তার স্বাস্থ্য বিভাগ সামলাবেন তাদের পরিচয় করিয়ে দিতে গিয়ে বাইডেন নাগরিকদের ‘১০০ দিন মাস্ক পরারও’ অনুরোধ জানিয়েছেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনাপত্তি পাওয়ায় ফাইজার-বায়োএনটেকের কভিড-১৯ এর টিকা যুক্তরাষ্ট্রজুড়ে বিতরণের পথ তৈরি হয়েছে।
