চাল আত্মসাতের অভিযোগ

শেরপুরে চেয়ারম্যান, দুই ইউপি সদস্য বরখাস্ত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১২:২১ এএম

শেরপুরে ভিজিডির চাল আত্মসাতের ঘটনা প্রমাণিত হওয়ায় দুই সদস্যসহ এক ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। ভিজিডির চাল আত্মসাৎ এবং টাকার বিনিময়ে সচ্ছলদের মধ্যে চাল বিতরণ করাসহ বেশ কয়েকটি অভিযোগের সত্যতা মিলেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিরুদ্ধে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। একই অভিযোগে ৭ নম্বর ওয়ার্র্ড সদস্য খাইরুল এনাম চাঁন ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য রহিমা বেওয়াকে স্থায়ী বরখাস্তের আদেশ দিয়ে গত ৮ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সরকারের তথ্য মতে, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ও দুই ইউপি সদস্যের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ভিজিডির ১২৪টি কার্ডের বিপরীতে উত্তোলিত চাল ১৮ মাস যাবৎ আত্মসাৎ করার অভিযোগ এবং প্রকৃত কার্ডধারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ না করে টাকার বিনিময়ে সচ্ছল ব্যক্তিদের ভিজিডি কার্ড প্রদানসহ অনৈতিকভাবে জিআর চাল বিতরণের কপিকে ভিজিডি কার্ড গ্রহণের রিসিভ কপি বলে ব্যবহারের অপচেষ্টার অভিযোগের প্রমাণ মিলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত