বেলকুচিতে বাবা ছেলেকে কুপিয়ে হত্যা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১২:২৪ এএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ির দুর্গম চর এলাকায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

নিহতরা হলেন ওই ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের মৃত আহেদ সিকদারের ছেলে সিরাজুল ইসলাম সিরাজ সিকদার (৪৫) ও সিরাজের ছেলে সাঈদ সিকদার (১৮)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতংক বিরাজ করছে।

এলাকাবাসী জানান, রাত পৌনে ৮টার দিকে মোটরসাইকেলযোগে সিরাজ সিকদার ও তার ছেলে সাঈদ সিকদার মোকিমপুর বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। তারা রান্ধুনীবাড়ি খেয়াঘাট পার হয়ে চরে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে মোটরসাইকেল থামায়। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে তাদের মাথা ও শরীরে এলোপাতাড়ি কোপালে সিরাজ ও সাঈদ ঘটনাস্থলেই মারা যান।

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার বিষয়ে বলেন, বেলকুচির ওই দুর্গম চরাঞ্চলে ডাকাতদের দুটি সক্রিয় দল রয়েছে। এদের একটি গ্রুপের সদস্য ও সাত মামলার আসামি সিরাজুল ইসলাম সিকদার ওরফে সিরাজ ডাকাত। এদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারের জের ধরে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত