বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের রপ্তানি বাড়াতে সরকার সহায়তা দিচ্ছে, রপ্তানিকারকদের এগিয়ে আসতে হবে। বর্তমান ব্যবসাবান্ধব সরকারের নানামুখী পদক্ষেপে দেশ আন্তর্জাতিক বাণিজ্যে এগিয়ে যাচ্ছে। প্রতিযোগিতামূলক রপ্তানি বাণিজ্যে এগিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বাংলাদেশের।
বাণিজ্যমন্ত্রী গতকাল ঢাকায় বাণিজ মন্ত্রণালয়ের ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে)’ প্রকল্পের আওতায় ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি ফর ইনফ্রাস্ট্রাকচার কন্সট্রেইন্টস (পিআইএফআইসি)’ কর্মসূচি চালুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের পাশাপাশি অগ্রাধিকারপ্রাপ্ত সম্ভাবনাময় চারটি শিল্প খাত রয়েছে। এগুলো হচ্ছে- চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, হালকা প্রকৌশল ও প্লাস্টিক পণ্য খাত। এগুলো বহুমুখীকরণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি ফর ইনফ্রাস্ট্রাকচার কন্সট্রেইন্টস (পিআইএফআইসি)’ কর্মসূচি চালু করা হলো। এতে রপ্তানিকারকরা অনেক উপকৃত হবেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পণ্য ও বাজার বহুমুখীকরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আর এ লক্ষ্য বাস্তবায়নে ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে)’ প্রকল্প কাজ করে যাচ্ছে। অগ্রাধিকারপ্রাপ্ত চারটি শিল্প খাতকে রপ্তানিতে সক্ষম করে তোলার জন্য এ কর্মসূচির আওতায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় প্রকল্পটি গ্রহণ করেছে এবং বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ইসিফোরজে প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন।
