পুলিশের বেধড়ক পিটুনীতে হাত ভেঙ্গে গেছে এক কিশোর রিকশাচালকের। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে ঢাকা সিলেট মহাড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি চেক পোষ্টের নিকটে।
বাহুবল থানার ওসি কামরুজ্জামান পুলিশের পিটুনীর কথা অস্বীকার করে বলেছেন, মহাসড়কে পুলিশকে দেখে রিকশাচালক হাফিজুর নিজেই রিকশা থেকে পড়ে আহত হয়েছে।
আহত রিকশাচালক হাফিজুর রহমান (১৪) উপজেলার লামাতাশি ইউনিয়নের তুগলী গ্রামের আবদুস ছামাদের ছেলে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাফিজুর জানায় ,মঙ্গলবার বিকেলে সে বিশ্বরোড দিয়ে বাহুবল বাজারে যাচ্ছিল। বাগানবাড়ি এলাকায় পৌঁছালে বিশ্বরোডের চেকিং পোস্টে দায়িত্বরত পুলিশ তার রিকশা আটক করে। একপর্যায়ে সে কেন রিকশা নিয়ে বিশ্বরোডে উঠল, এ কথা বলে তাকে মারধর করেন।
হাফিজের ভাই দিদার আলী জানান, হাফিজুর এক সময়ে বরুনা মাদ্রাসায় পড়ত। টাকার অভাবে পড়াতে পারেনি। প্রায় বছরখানেক আগে আমাদের অভাব দেখে ছোটভাই হাফিজও পড়া বাদ দিয়ে রিকশা চালানো শুরু করে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই ফেরদৌস দুই হাজার টাকা দিয়েছেন। এ টাকা নিয়ে হবিগঞ্জ হাসপাতালে এসেছেন। তিনি এ ঘটনায় বিচার দাবি করেন।
বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, চেকপোষ্টে বাহুবল থানার এসআই ফুয়াদের নেতৃত্বে পুলিশ সেখানে দায়িত্ব পালন করছিল। হাফিজুরকে মারধর করা হয়নি। তারপরেও দুর্ঘটনায় যেহেতু ছেলেটির হাত ভেঙ্গে গেছে তাই পুলিশের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হবে বলে পবিবারকে জানানো হয়েছে।
