গো-হত্যা নিষিদ্ধ করে ‌কর্নাটকে আইন পাস

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১২:৩২ পিএম

গরু জবাই নিষিদ্ধ করে ভারতের বিজেপি শাসিত কর্নাটক রাজ্য বিধানসভায় একটি আইন পাস করেছে।

সংবাদ প্রতিদিন জানায়, আইন পাসের আগে বিধানসভা চত্বরে রীতিমতো সাড়ম্বরে আয়োজন করা হয় গো-পূজারও।

এর আগে গরু রক্ষায় সম্প্রতি ‌মধ্যপ্রদেশে আলাদা মন্ত্রণালয় করা হয়! গরু এবং গো-শালা সংরক্ষণে উৎসাহ দিতে ‘গো-মন্ত্রক’ গঠনের সিদ্ধান্ত নেয় ওই রাজ্যের বিজেপি সরকার।

বুধবার ‘প্রিভেনশন স্লটার অ্যান্ড প্রিজারভেশন ক্যাটল বিল-২০২০’ নামে আইনটি পাস করিয়েছে কর্নাটকের বি এস ইয়েদুরাপ্পা সরকার। এই আইনের ফলে কর্ণাটকে গরু জবাই নিষিদ্ধ আরও কড়াকড়িভাবে আরোপিত হবে।

বিল পাসের সময় বিধানসভায় বিজেপি বিধায়করা ‘‌গো মাতা কি জয়’‌ ধ্বনি তোলেন। তবে বিলের বিরোধিতায় ওয়েলে বিক্ষোভ দেখায় বিরোধী দল কংগ্রেসের বিধায়করা। তাদের দাবি, এই বিলের বিষয়ে কিছুই জানানো হয়নি।

এর আগে কর্নাটকের পশু কল্যাণমন্ত্রী প্রভু চৌহানকে দেখা যায় বিধানসভার সামনে গো-মাতার পূজা দিতেও। তিনি গেরুয়া পোশাকে এদিন বিধানসভায় পা রাখেন।

পরে চৌহান বলেন, ‘‌‘‌‌আমাদের ওপর রাজ্যের মানুষ এবং নেতাদের আশীর্বাদ রয়েছে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই প্রথম এখানে গো-পূজার আয়োজন করা হলো। গরু আমাদের মা। আর পশু সুরক্ষার জন্য এই বিল আনা হয়েছে।‌’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত