ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৯:৪১ পিএম

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে মৌলভীবাজারের বোরোর বীজতলা। কৃষকরা বলছেন, বীজতলা রক্ষায় বিভিন্ন কীটনাশক ও ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছে না। কৃষকদের আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে ওষুধ ও সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভিাগের।  

জেলা কৃষি বিভাগের তথ্য মতে, এ বছর মৌলভীবাজারে ৫৪ হাজার ৩ শ ৩৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা রয়েছে। এজন্য বীজতলা তৈরি করা হয়েছে ২ হাজার ৬ শ ৪০ হেক্টর জমিতে। 

কৃষি বিভাগ বলছে, প্রয়োজনের অতিরিক্ত বীজতলা তৈরি করা হয়েছে। তাই কিছু বীজতলা নষ্ট হলেও সমস্যা হবে না। দুর্যোগকালীন প্রচুর বীজ মজুদ আছে।

তবে কৃষকরা বলছেন প্রতিকার না পেয়ে তারা হতাশ।  

মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুনাটিকি গ্রামের কৃষক দারা মিয়া জানান, ৫ একর জমিতে বোরো আবাদের লক্ষে বীজতলা তৈরি করেছেন ৩০ শতক জমিতে। জমিতে চারা গজানোর পর থেকে সাদা ও লালচে হয়ে বিবর্ণ ধারণ করেছে। 

রাজনগর উজেলার কৃষক দারা মিয়ায় কথার সত্যতা মিলেছে জেলার বিভিন্ন উপজেলা ঘুরে। 

সরজমিনে ঘুরে দেখা যায়, ঘন কুয়াশার কারণে পোকার আক্রমনে নষ্ট হচ্ছে গজিয়ে ওঠা নতুন চারা। এমন অবস্থা থাকলে পুনরায় চারা লাগাতে হবে। এতে হাওরাঞ্চলে কৃষকরা বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন।

কৃষি বিভাগের পরামর্শে সেচ, কীটনাশক প্রয়োগ করেও বীজতলার উন্নতি হচ্ছে না। 

হাইল হাওর এলাকার কৃষক আফরোজ মিয়া জানান, যেভাবে নষ্ট হচ্ছে তাতে এ বীজতলা দিয়ে এ বছর চাষ হবে না। নতুন করে বীজতলা তৈরি করতে হবে।

রাজনগরের উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহেদুল ইসলাম জানান, আবহাওয়ার উন্নতি হলে কেটে যাবে এই সমস্যা। 
জেলা কৃষি কর্মকর্তা কাজী লুতফুল বারী দেশ রূপান্তরকে জানিয়েছেন, সমস্যা সবে শুরু আশা করছি প্রতিকার মিলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত