ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় বাসস্ট্যান্ড মোড় থেকে দুইশত ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটকেরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মো. মমতাজ আলীর ছেলে সাফিউল আলম (৩৩) এবং পোদ্দারপাড়া ফুলবাড়ী থানার মৃত শহিদুল ইসলামের ছেলে মো. হাফিজুর রহমান রিপন (২৬)।
শনিবার দুপুরে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দিনাজপুর থেকে মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে শহরে প্রবেশ করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল বাসস্ট্যান্ড মোড়ে অভিযান চালানো হয়।
এ সময় ২০০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা দিনাজপুর থেকে মাদক সংগ্রহ করে বাসযোগে এসে ত্রিশাল বাসস্ট্যান্ডে নেমে পড়েন।
ময়মনসিংহ শহরে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষমাণ থাকাবস্থায় তাদেরকে আটক করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা পুলিশ।
ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
