সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি, চলাচলে ভোগান্তি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১১:১৫ পিএম

মাঝখানে বিদ্যুতের খুঁটি দাঁড়িয়ে থাকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সড়ক ব্যবহার করতে অসুবিধায় পড়েছেন এলাকাবাসী। চারটি খুঁটি না সরিয়েই সড়কটির সংস্কার কাজ করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েও কোনো ফল না পেয়ে ভোগান্তির মুখে পড়েছেন তারা। এলাকাবাসীর অভিযোগ, পল্লীবিদ্যুৎ ও রাস্তাটি নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতা এর জন্য দায়ী।

স্থানীয়রা জানান, রূপগঞ্জ উপজেলায় ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার শিল্পকারখানা রয়েছে। এসব শিল্পকারখানাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রূপগঞ্জ উপজেলায় ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকার হুরার বাড়ি এলাকার দুই শতাধিক পরিবার একটি রাস্তার অভাবে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছিল। দুই বছর ধরে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে ঘুরে রাস্তাটি নির্মাণের ব্যাপারে আবেদন করতে থাকেন। অবশেষে এলাকাবাসীর আবেদনের ভিত্তিতে উপজেলার এলজিইডির অধীনে চলতি বছর ৩৬ লাখ টাকা ব্যয়ে ১০ ফুট প্রশস্ত ও ৭শ মিটার রাস্তাটির ড্রেন নির্মাণসহ দরপত্র সম্পন্ন হয়। পরে চলতি বছরের শেষ দিকে নির্মাণকাজ শুরু হয়। রাস্তাটি নির্মাণের দায়িত্ব পায় প্রীতি এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

কিন্তু রাস্তাটির মাঝে বিদ্যুতের চারটি খুঁটি রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি খুঁটিগুলো না সরিয়েই রাস্তাটির নির্মাণকাজ শুরু করে দেয়। বর্তমানে রাস্তাটির নির্মাণকাজ শেষের দিকেও হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান অথবা পল্লীবিদ্যুতের কর্তৃপক্ষ খুঁটি চারটি সরানোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিষয়টি এলাকাবাসী পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ ও ঠিকাদারকে জানালে তারা এ ব্যাপারে উদাসীনতা দেখায়। চারটি বিদ্যুতের খুঁটি মাঝখানে রেখে নির্মাণ করা হলে রাস্তাটি দিয়ে রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সিসহ কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।

এ ব্যাপারে রাস্তাটির ঠিকাদার খোরশেদ আলম বলেন, বিদ্যুতের খুঁটি সরানোর বাবদ কোনো টাকা এলজিইডি দেয়নি।

নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, খুঁটিগুলো দ্রুত সরানোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলা প্রকৌশলী এনায়েত কবির দেশ রূপান্তরকে বলেন, বিদ্যুতের বিষয়টি পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ দেখবে। তারা খুঁটিগুলো সরিয়ে না নিলে রাস্তার মাঝে খুঁটি রেখেই আমাদের কাজ সম্পন্ন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত