মৌলভীবাজারের কমলগঞ্জে ভাড়াটে মালিক জালাল মিয়ার ঘর থেকে তক্ষকসহ ২ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে কমলগঞ্জ থানা-পুলিশ।
শুক্রবার রাত ১টায় আলীনগর ইউপির জালালিয়া গ্রামের মুহিবুর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরগুনা জেলার তালতলা গ্রামের স্বপন মোল্লার ছেলে মো. জুয়েল মোল্লা (২৮) ও চট্টগ্রামের বন্দর এলাকার নীরব মিয়ার ছেলে মো. আক্তার হোসেন (২২)। পুলিশি অভিযানে ঘরের ভাড়াটে জালাল মিয়া (৩০) পালিয়ে যায়। ৩ জনের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন এলাকায় তক্ষক দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্রটি।
বৃহস্পতিবার তারা কমলগঞ্জের জালালিয়া গ্রামের ভাড়াটে জালাল মিয়ার ঘরে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই ২ জনকে আটক করে পুলিশ।
সে সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি তক্ষক উদ্ধার করা হয়। এ সময় ঘরের ভাড়াটে জালাল মিয়া পালিয়ে যায়। শনিবার বিকেলে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, আটক ব্যক্তিদের নামে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয় এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
তক্ষক সম্পর্কে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় বন অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, ‘তক্ষক গিরগিটি প্রজাতির র্নিবিষ নিরীহ বন্যপ্রাণী। সাধারণত পুরোনো বাড়ির ইটের দেয়াল, ফাঁক-ফোকর ও বয়স্ক গাছে এরা বাস করে। কীটপতঙ্গ, টিকটিকি, ছোট পাখি ও ছোট সাপের বাচ্চা খায়। আইইউসিএনের লাল তালিকা অনুযায়ী এটি বিপন্ন বন্যপ্রাণী।’
