কমলগঞ্জ উপজেলা

অ্যাসাইনমেন্ট আটকে স্কুলে বেতন আদায়ের অভিযোগ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১২:৪৬ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বেতন পরিশোধ ছাড়া অ্যাসাইনমেন্ট জমা না নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার সোলেমান হোসেন নামে এক অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আলীনগর এলাকার সোলেমান হোসেনের দুই সন্তান দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইয়ামীন হোসেন সিয়াম ও সপ্তম শ্রেণির সামিয়া সামান্তা লিছা গত শনিবার বিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট জমা দিতে যায়। কিন্তু বেতন না দেওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অ্যাসাইনমেন্ট জমা নেয়নি। পরে সোলেমান হোসেন বিষয়টি জানতে পেরে বেতন পরিশোধে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চার-পাঁচ দিন সময় চাইলেও অ্যাসাইনমেন্ট জমা রাখা হয়নি।

সোলেমান হোসেন বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বেতন পরিশোধের জন্য চার-পাঁচ দিন সময় চাওয়ার পরও তারা আমার সন্তানদের অ্যাসাইনমেন্ট জমা নেয়নি। এলাকার আরও অনেক শিক্ষার্থী এভাবে বেতনের জন্য অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেনি।’

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহ সাংবাদিকদের বলেন, এসব অভিযোগ মিথ্যা। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বেতন পরিশোধে কোনো চাপ দেওয়া হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত