খুলনায় স্কুলছাত্রী শিমলা খাতুন (১৪) হত্যা মামলার আসামি মো. রনি হাওলাদারকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। মামলার চার্জশিটভুক্ত অন্য এক আসামির (১৫) বিচারকাজ শিশু আদালতে চলমান।
আদালত সূত্রে জানা যায়, নিহত শিমলা রূপসা উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামের সারোয়ার হোসেনের মেয়ে। স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল সে। ২০১৬ সালের ১১ ডিসেম্বর রাতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শিমলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে স্থানীয় গোয়ালবাঁধান গ্রামের রনি হাওলাদার ও তার সহযোগী এক কিশোর। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন শিমলার বাবা সারোয়ার হোসেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রূপসা থানায় একটি হত্যা মামলা করেন।
এরপর ২০১৭ সালের ৩০ আগস্ট রনি ও ওই কিশোরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
