প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০৮:৫৬ পিএম

মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সর্বস্তরের জনগণের শ্রদ্ধা এবং ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি পালন উপলক্ষে এরই মধ্যে পুরো সৌধ এলাকা ধুয়ে, মুছে এবং রংতুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হয়েছে। বাহারি ফুলগাছ ও লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয়েছে স্মৃতিসৌধের রাস্তাসহ পুরো এলাকা।

১৬ ডিসেম্বর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির দিন। এদিন বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন একটি সার্বভৌম দেশ বাংলাদেশ। এদিকে দিবসটি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ।

এবার বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন না রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাদের পক্ষে দুজন সামরিক সচিব জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ বেধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন।

এরপর মন্ত্রিপরিষদ সদস্য, দেশি-বিদেশি মেহমান ও কূটনীতিকসহ ভিআইপিরা শ্রদ্ধা নিবেদন করবেন। পরে সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করতে হবে।

এদিকে বিজয় দিবসে আগত দর্শনার্থীসহ সবার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ।

এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ ওয়াচ টাওয়ারের মাধ্যমে সবার গতিবিধি অনুসরণের পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য পুরো এলাকায় বসানো হয়েছে পর্যাপ্তসংখ্যক সিসিটিভি ক্যামেরা।

অন্যদিকে বিজয় দিবসকে ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে মেরামত ও ডিভাইডারসহ আশপাশের গাছগুলোতে রং করা হয়েছে। প্রধান ফটকে ঢোকার জন্য জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে বড় করে মেশিন স্থাপন করা হয়েছে।

এ ছাড়া স্মৃতিসৌধে আগত ভিআইপিদের সংবর্ধনা দিতে তিন বাহিনীর গার্ড অব অনার প্রদানের মহড়া কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন।

স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিক্তি সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেন, বেশ কিছুদিন ধরেই মহান বিজয় দিবস উদযাপনের জন্য জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছেন আমাদের কর্মকর্তা-কর্মচারীরা। পুরো এলাকায় রংতুলির অঁাচড় ও বাহারি ফুলগাছ দিয়ে সাজানো হয়েছে। প্রথম প্রহরে জাতীর সূর্য-সন্তানদের শ্রদ্ধা নিবেদনে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। ইতিমধ্যে জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকার গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের শেষ মুহূর্ত পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।

এ ছাড়া দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পর্যাপ্তসংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপন, ওয়াচ টাওয়ার নির্মাণ, জীবাণুনাশক স্প্রে চেম্বার স্থাপনের পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদনে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত