কুমিল্লার দাউদকান্দিতে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে কামাল হোসেন (৩৫) নামের এক চা বিক্রেতা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার রাতে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চা বিক্রেতা ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছে।
নিহতের স্ত্রী রহিমা বেগম জানান, দেনা পরিশোধের জন্য ব্যুরো বাংলাদেশ, সিসিডি, বলাকা ও ব্রাকসহ ৫/৬টি এনজিও থেকে টাকা তোলে কামাল হোসেন।
ওই টাকার কিস্তি নিয়ে প্রায়ই মনোমালিন্য হতো। আর দেনার দায়ে আগেই বসতবাড়ি বিক্রি করে দিয়েছেন কামাল।
তিনি বলেন, এখন ছোট দুই ছেলে, এক মেয়ে নিয়ে আমার পথে বসা ছাড়া উপায় নেই।
ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন মোল্লা জানান, পরিবারটা একেবারে নিঃস্ব। আমি চেষ্টা করবো সরকারের বিভিন্ন প্রণোদনার আওতায় অন্তর্ভুক্ত করতে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক রাজিব কুমার সাহা বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
