সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ইত্যাদি।
সকাল থেকেই নারী, শিশুসহ সব শ্রেণি-পেশার মানুষ নগরে বিজয় আনন্দে মেতে ওঠেন। ফুল আর পতাকা হাতে নিয়ে তারা চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্দেশে যাত্রা করেন।
সময়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনার অভিমুখী মানুষের সারি দীর্ঘ হতে থাকে। এরপর একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শুরুতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ। পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ, সিলেট সিটি করপোরেশনের মেয়র, সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রেসক্লাব, আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর, বিএনপি সিলেট জেলা ও মহানগর, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, কমিউনিস্ট পার্টি, বাসদ, যুবলীগ, ছাত্রলীগ, যুবদল, ছাত্রদল, উদীচী, সম্মিলিত নাট্য পরিষদসহ বিভিন্ন সংগঠন।
