বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১১:৪৪ পিএম

মহামারীকালীন স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু ও জাতির সূর্যসন্তানদের স্মরণের পাশাপাশি অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, তোপধ্বনি, বিজয় শোভাযাত্রা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোকসজ্জা, আলোচনাসভা, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা ইত্যাদি। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

খুলনা : নগরীর গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। খুলনার বিভাগীয় কমিশনার সকালে সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন করেন। গল্ল­­ামারী স্মৃতিসৌধে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর কমান্ড, কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, কেএমপির পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান, রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রমুখ পুষ্পমাল্য অর্পণ করেন।

সিলেট : কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ইত্যাদি। সকাল থেকেই নারী, শিশুসহ সব শ্রেণি-পেশার মানুষ নগরে বিজয় আনন্দে মেতে ওঠেন। ফুল আর পতাকা হাতে নিয়ে তারা চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে যাত্রা করেন। এরপর একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

কুমিল্লা : সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির পর কুমিল্লা টাউন হলের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কুমিল্লার সর্বস্তরের মানুষ। প্রথমে শ্রদ্ধা জানান কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। পরে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।

গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন। সকাল পৌনে ১০টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ও আবদুল আওয়াল শামীমের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর বঙ্গবন্ধু, পরিবারের নিহত সদস্য ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

নড়াইল : জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি, গণকবর ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, গণকবর জিয়ারত ও মোনাজাত এবং বঙ্গবন্ধু মঞ্চে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস প্রমুখ অংশ নেন।

নীলফামারী : জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান পাদদেশে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সার্কিট হাউজ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান। এ সময় জেলার বীর মুক্তিযোদ্ধাদের বরণ করে নেন জেলা প্রশাসক।

নাটোর : শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

বাগেরহাট : সকালে বাগেরহাট শহরের দশানী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটির শুভসূচনা হয়। জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

চুয়াডাঙ্গা : সকাল সাড়ে ৬টায় স্থানীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

জয়পুরহাট : সকাল সাড়ে ৬টায় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।

লক্ষ্মীপুর : সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয়চত্বর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

মাগুরা : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল ৮টায় শহরের নোমানী ময়দানে স্থাপিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ড, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু প্রমুখ।

নেত্রকোনা : কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবারী আলী মুনসী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতারাসহ সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতাকর্মীরা।

পাবনা : রাত ১২টা ১ মিনিটে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ, জেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের কর্মীরা। সকাল ৮টায় জেলা প্রশাসক কবীর মাহমুদ ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের উপস্থিতিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সাতক্ষীরা : সকালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শরীয়তপুর : শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে শরীয়তপুর সার্কিট হাউজের সামনে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

সিরাজগঞ্জ : বাজার স্টেশনের বিজয় স্মৃতিসৌধে প্রথমে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার হাসিবুল আলম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসানের নেতৃত্বে আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানান।

টাঙ্গাইল : মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ স্মৃতি পৌর উদ্যান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

দিনাজপুর : জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা নিবেদনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে সকাল ৮টায় দিনাজপুর সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন ও সশস্ত্র সালাম জানানো হয়। এরপর সকাল ৯টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভেতরে শহীদ  বেদি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত