উচ্চ আদালতের আদেশের পরও প্রতীক বরাদ্দ না পাওয়ার অভিযোগ করেছে সীতাকুন্ড পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী জহিরুল ইসলাম। নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। গতকাল বুধবার সীতাকুন্ড প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তবে আনুষ্ঠানিক নথি না পাওয়ার কথা বলছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম অভিযোগ করে তার মনোনয়ন বাতিল করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। এরপর তিনি বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করেন। কিন্তু সেখানেও শুনানি শেষে তার মনোনয়ন গ্রহণ করা হয়নি। সর্বশেষ উচ্চ আদালতে আপিল করলে গত সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চে শুনানি শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দে আদেশ দেওয়া হয়। কিন্তু প্রতীক বরাদ্দ না পেয়ে হতাশা ব্যক্ত করেন তিনি। তবে আনুষ্ঠানিক চিঠি না পাওয়ার কথা বলছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ। তিনি বলেন, উচ্চ আদালতের রায়ের ব্যাপারে প্রার্থী আমাকে অবহিত করেছে। তবে রায়ের লিখিত কপি না পেলে আইনত প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না।
