ফরিদপুরে লাখো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১১:৪৭ পিএম

একযোগে লাখো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার ফরিদপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুজিববর্ষ মঞ্চের সমনে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অনলাইনে লক্ষাধিক মানুষ জাতীয় সংগীত পরিবেশন করেন।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, ডিসেম্বর মাসের শুরু থেকে সহস্র কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন কাজ অনলাইনের মাধ্যমে শুরু হয়। ফরিদপুর জেলার যেকোনো নাগরিকের দেশ বা দেশের বাইরে থেকে এই নিবন্ধনে অংশ নেওয়ার সুযোগ ছিল।

জেলা প্রশাসক বলেন, গতকাল ১৬ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত নিবন্ধন করেন ১ লাখ ২১ হাজারের বেশি মানুষ। করোনা পরিস্থিতির কারণে অধিকসংখ্যক মানুষকে একত্রিত না করে যার যার অবস্থান থেকে ঠিক ৯টা ৩০ মিনিটে শুরু হয় জাতীয় সংগীত। জেলার বিভিন্ন সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে জাতীয় সংগীত পরিবেশনে যুক্ত হন।     

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সংগীত পরিবেশনের শুভ সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত