হারিয়ে গিয়েছিল মিসরে গিজার গ্রেট পিরামিড থেকে পাওয়া পাঁচ হাজার বছরের পুরনো কিছু শিল্পসামগ্রী। দেখতে সামান্য কাঠের টুকরো হলেও তা তৈরি হয়েছিল ৩৩৪১ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩০৯৪ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। মিসরে তখনো পিরামিড তৈরি হয়নি। গিজার গ্রেট পিরামিড তৈরির পর তা সেখানে রাখা হয়। হারানোর দীর্ঘদিন বাদে গত বুধবার স্কটল্যান্ডের অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের সহকারী কিউরেটর অ্যাবির এলাডানি মিসরের পতাকাসংবলিত চুরুটের বাক্স থেকে তা উদ্ধার করেন।
যখন পিরামিড থেকে এই হস্তশিল্পের নির্দশনটি পাওয়া গিয়েছিল, তখনই তা ভেঙে গিয়েছিল। সিডারগাছের ডাল থেকে তৈরি করা হয়েছিল এটি। এলাডানি বলেন, নম্বর মিলিয়ে দেখতেই বুঝেছিলাম, ‘আমি হারানো রতœ উদ্ধার করেছি। জিনিসটি ভুল জায়গায় রাখা হয়েছিল। আমিও একজন প্রত্নতাত্ত্বিক। আমার বাড়িও মিসরে। আমি সেখানে অনেক খননকার্যের সঙ্গে যুক্ত ছিলাম। আমি ভাবতে পারিনি উত্তর-পূর্ব স্কটল্যান্ডে এসে এই জিনিস খুঁজে পাব। এটা আমার দেশের ঐতিহ্যের সঙ্গে যুক্ত।’
তিনি জানান, ১৮৭২ সালে গিজার পিরামিডের কুইনস চেম্বার থেকে তিনটি জিনিস পাওয়া যায়। তার মধ্যে একটি হলো সিডার কাঠ থেকে বানানো পাঁচ ইঞ্চির এই হস্তশিল্পের নিদর্শনটি। এ ছাড়া একটি বল ও ব্রোঞ্জের হুক পাওয়া গিয়েছিল। সেই দুটি জিনিস লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে আছে।
কাঠের টুকরোগুলো ইঞ্জিনিয়ার ওয়েনম্যান ডিক্সন দেন জেমস গ্র্যান্টকে। পিরামিড বানানোর সময় এই কাঠ ব্যবহার করা হয়েছিল। তারপর তা বিশ^বিদ্যালয়কে দিয়ে দেওয়া হয়। কিন্তু ৭০ বছর ধরে তা নিখোঁজ ছিল।
