গাজীপুরে এক প্রবাসীর স্ত্রীকে উপহার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণের পর আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনায় রাতে কাপাসিয়া থানায় মামলা করেন ওই নারীর মা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো রোমান বেপারি (২০), মো. জুবায়ের বেপারি (২০), মো. মোরসালিন সরদার (২১), মো. সাহাবুল হোসেন সাকিব (২২), মাসুম শেখ (২১), রাকিব হোসেন (২০) এবং মাহফুজুল (২৩)। এ মামলার মূল অভিযুক্ত সাখাওয়াত হোসেনকে (২৮) গ্রেপ্তার করা যায়নি।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননী নরসিংদীর মনোহরদী এলাকার শ্বশুরবাড়িতে থাকেন। কাপাসিয়ার সাখাওয়াত হোসেনের সঙ্গে মোবাইল ফোনে তার কথাবার্তা হতো। গত বুধবার ওই নারী কাপাসিয়ায় মায়ের বাড়িতে বেড়াতে আসেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে একটি মোবাইল ফোন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় সাখাওয়াত। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাখাওয়াত অন্য আসামিদের নিয়ে ওই গৃহবধূকে নর্দারটেকে নিয়ে যায়। সেখানে সাখাওয়াতসহ চারজন তাকে ধর্ষণ করে। অন্যরা সহায়তা করে। পরে আসামিরা ওই নারীকে আটকে রেখে তার মাকে ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর ওই নারীর মা থানায় এসে ঘটনা জানায়। পরে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে গৃহবধূকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করে। এ সময় মূল হোতা পালিয়ে যায়।
